ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ।
সোমবার (২৬ অক্টোবর) হাসপাতালের প্রধান ফটকে আয়োজিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরীক্ষা-নিরীক্ষা, যন্ত্রপাতি ও লিফট ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। একই সঙ্গে হাসপাতালকে জনবান্ধব করার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হলেও মমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। প্রয়োজনীয় ওষুধের বেশির ভাগই বাইরে থেকে কিনতে হচ্ছে। এমনকি সাধারণ স্যালাইনও বাইরে থেকে কিনতে হয়। ২৪ অক্টোবর হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী এক নারী রোগীকে স্যালাইন কেনার জন্য এক হাজার টাকা দিয়েছেন বলে উল্লেখ করেন বক্তারা। তাদের মতে, এটি হাসপাতালের অব্যবস্থাপনার একটি দুঃখজনক চিত্র।
বক্তারা আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বেসরকারি প্রতিষ্ঠানে করাতে হয়। বছরের পর বছর বিভিন্ন যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে থাকলেও সেগুলো মেরামত বা নতুন যন্ত্রপাতি কেনার কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। দুই-তিন দিন ঘুরেও রোগীদের এক্স-রে করাতে না পারার অভিযোগ তুলে তাঁরা এসব সমস্যা সমাধানের দাবি জানান।
হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাচার চক্র সক্রিয় থাকার বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উল্লেখ করে বক্তারা বলেন, এ ধরনের চক্র চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। গত সেপ্টেম্বরের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও তা প্রকাশে কর্তৃপক্ষের গড়িমসির অভিযোগ করেন তারা। রোগী হতাহত হওয়া, আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিবেদনটি প্রকাশের দাবি জানান বক্তারা।

এ ছাড়া গণপূর্ত বিভাগের অধীন হাসপাতালের লিফট ব্যবস্থাপনায় দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা বলেন, সম্প্রতি দৈনিক সমকালে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত সেপ্টেম্বরের অগ্নিকাণ্ডের সঙ্গেও লিফটের বিষয়টি উঠে এসেছে। লিফট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সহমুখ্য সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক রুমেল, সংগঠক আব্দুল হান্নান আল আজাদ, শাহরিয়ার আহমেদ আশিক, সাদ্দাম হোসেন, তানজিল হোসেন মুনিম, সজীব আকন্দ, সুশান্ত শীল ও মো. আসাদ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









