ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বরিশাল নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নগরের বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কারের পাশাপাশি মশা নিধনে ওষুধ ছিটানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নগরের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও ড্রেন পরিষ্কারের পাশাপাশি দীর্ঘদিনের ঝোপঝাড়ও অপসারণ করা হয়। একই সঙ্গে মশার বিস্তার ঠেকাতে বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ প্রয়োগ করা হয়।
অভিযান চলাকালে বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা এবং গণসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল।
এ ছাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মো. জহিরুল ইসলাম টিপু, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী ও মাহবুবুর রহমান মিন্টুসহ বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম চালালেই হবে না; মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। এ কারণে ড্রেন, ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থানগুলো নিয়মিত পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অভিযান থেকে নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থান তৈরি না হওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









