শরীয়তপুরের নড়িয়ায় নেশা ও জুয়া খেলার জন্য টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন ওই এলাকার নাসির বেপারীর ছেলে সোহান বেপারী ও ইমরান বেপারী।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সোহান ও ইমরান দীর্ঘদিন ধরে নেশা ও জুয়া খেলায় আসক্ত বলে অভিযোগ রয়েছে। এসবের জন্য তারা প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে না পারলে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, মারধর ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটাতেন বলেও অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, কিছুদিন আগে দুই ছেলেকে দেওয়ার জন্য নাসির বেপারী কিস্তিতে ৩০ হাজার টাকা ঋণ নেন। পরে ওই টাকা দুই ভাই নেশা ও জুয়া খেলে শেষ করে ফেলেন। ঋণের কিস্তিও পরে কষ্ট করে পরিশোধ করেন নাসির।
শুক্রবার সন্ধ্যায় আবারও দুই ভাই বাবার কাছে কিস্তিতে ৫০ হাজার টাকা তুলে দেওয়ার দাবি করেন। টাকা না দিলে ঘরে আগুন দেওয়ার হুমকি দেন বলে পরিবারের অভিযোগ। পরে বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নিজেদের থাকার ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের।
খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
নাসির বেপারীর বড় ছেলে আলআমিন বলেন, ‘আমার ছোট দুই ভাই সব সময় বাবা-মায়ের কাছে টাকার জন্য ঝামেলা করে। নেশার টাকা না দিলেই বাবা-মায়ের ওপর অত্যাচার করে এবং বাড়িঘর ভাঙচুর করে। কিছুদিন আগে ৩০ হাজার টাকা কিস্তিতে তুলে দেওয়া হয়েছিল। তারা সেই টাকা জুয়া ও নেশার পেছনে খরচ করেছে। শুক্রবার আবার ৫০ হাজার টাকা চায়। বাবা টাকা দিতে রাজি না হওয়ায় তারা ঘরে আগুন দিয়ে দেয়। আমরা এই পরিস্থিতি থেকে কীভাবে মুক্তি পাব, সেটাই এখন আমাদের চিন্তা।’
ঘটনার পর থেকে সোহান ও ইমরান বেপারী পলাতক রয়েছেন।
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। নেশার টাকার জন্য তারা নিজেদের ঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মাদকের বিষয়ে আগামীকাল থেকেই সর্বোচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









