দিনাজপুরের চিরিরবন্দরে তরমুজ চাষ সম্প্রসারণ ও কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলায় ২০২৬-২৭ অর্থবছরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় খরিপ-২ মৌসুমে এ আয়োজন করা হয়।
মাঠ দিবসে কৃষকদের তরমুজ চাষের আধুনিক ও লাভজনক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। জমি নির্বাচন, বীজ বপন, সার ও সেচ ব্যবস্থাপনা, গাছের পরিচর্যা এবং রোগবালাই ও পোকামাকড় দমনসহ অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা কৃষকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক পদ্ধতি অনুসরণ করে তরমুজ চাষ করলে কৃষকরা ভালো ফলন ও লাভবান হতে পারেন। তিনি কৃষকদের পরিকল্পিতভাবে তরমুজ চাষ করার আহ্বান জানান। পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ করে যাবে বলেও জানান তিনি।
পরে মাঠে উৎপাদিত তরমুজ প্রদর্শনের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুর নাহার নূরী, উপসহকারী কৃষি কর্মকর্তা এ কে এম আসাদুজ্জামান, রহমত আলী ও আজিজুল হকসহ কৃষক লোকমান হাকিম এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।।
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









