পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে এটি উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলার সময় জিহাদুল ইসলাম জিদান নামের এক শিক্ষার্থী মাঠের পূর্ব পাশের একটি মেহগনি গাছের গোড়ায় বস্তুটি দেখতে পায়।
শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান জানায়, শনিবার বিকেলে খেলার শেষ দিকে ফুটবলটি মাঠের পূর্ব পাশে মেহগনি গাছের দিকে চলে যায়। বলটি আনতে গিয়ে পিতলের একটি চকচকে বস্তু দেখতে পাই। প্রথমে শোপিস ভেবে সেটি পকেটে করে বাসায় নিয়ে যাই। আজ টিফিনের সময় এক বড়ভাইকে দেখালে তিনি জানান এটি একটি তাজা গুলি (কার্তুজ)। এরপর তিনি জাতীয় জরুরি সেবায় কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান এবং আমাকে গুলিটি আগের স্থানে রেখে আসতে বলেন।
খবর পেয়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার হওয়া গুলিটি কোন ধরনের অস্ত্রের এবং কীভাবে তা কলেজ মাঠে এলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহগনি গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।
দুমকি সরকারি জনতা কলেজ মাঠের মতো একটি ব্যস্ত ও জনসমাগমপূর্ণ স্থানে গুলি পড়ে থাকার ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









