চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈধ কাগজপত্র ছাড়া পরিবহনের সময় ৬৭ বস্তা সারসহ একটি মাহিন্দ্র পিকআপ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
শনিবার (২১ নভেম্বর) রাতে রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকায় পুলিশের টহলদল পিকআপটি তল্লাশি করে। এ সময় গাড়ি থেকে ৬২ বস্তা ডিএপি ও পাঁচ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। আটক করা হয় শিবগঞ্জ উপজেলার বালুরচর গ্রামের জাহাঙ্গীর আলম ও পিকআপচালক আলম আলিকে।
গোমস্তাপুর থানার ওসি নাজমুল হক ও উপজেলা কৃষি বিভাগ জানায়, আটক ব্যক্তিরা নওগাঁর সাপাহার উপজেলার দিঘার বাজার থেকে সার নিয়ে শিবগঞ্জে যাচ্ছিলেন বলে দাবি করেন। তবে তারা সার পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
পরে সারসহ পিকআপটি রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। তিনি জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ করা সার গোমস্তাপুর উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমানের জিম্মায় দেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








