ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে ভাউচারের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান কবির বকুলের গলা চেপে ধরে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (সহকারী প্রধান শিক্ষক) শাহজালাল সাজুর বিরুদ্ধে। এ ঘটনার পর বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে সাবেক ওই শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুই শিক্ষকই বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষক কমনরুম ও পরে পৌর শহরের কাপড় মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের শিক্ষক কমনরুমে ভাউচারের পাওনা টাকা নিয়ে শাহজাহান ও শাহজালালের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সহকারী শিক্ষক বাদশাসহ অন্য শিক্ষকগণ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার পর শাহজালাল সাজুসহ পাঁচ-ছয়জন শিক্ষক বিদ্যালয়ের অদূরে কাপড় মার্কেট এলাকায় চায়ের দোকানে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে ১২ থেকে ১৫ জন যুবক এসে শাহজালাল সাজুর ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাকে কিল, ঘুষি ও লাথি মারেন এবং কলার ধরে দোকান থেকে টেনে বাইরে বের করার চেষ্টা করেন। এ সময় দোকানের বেশ কিছু গ্লাস ভাঙচুর করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যান।
হামলার বিষয়ে চিকিৎসাধীন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু অভিযোগ করে বলেন, ‘‘বিদ্যালয়ে বকুলের কাছে আমি আমার পাওনা ভাউচারের টাকা চেয়েছিলাম। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে সহকর্মীদের নিয়ে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ১০-১২ জন বখাটে যুবক এসে বকুলের সঙ্গে কেন কথা হয়েছে, তা জানতে চেয়ে আমাকে মারধর করে। তারা আমার বুকে লাথি মেরেছে, হাত কেটে গেছে। আমি এখন খুব অসুস্থ ও অসহায় অবস্থায় আছি।’’
অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান কবির বকুল পাল্টা অভিযোগ করে বলেন, ‘‘ভাউচারের টাকা পাস করার এখতিয়ার সভাপতির, আমার নয়। বিষয়টি নিয়ে সাজু ভাই গত বৃহস্পতিবার পীরগঞ্জ প্রেস ক্লাবে সন্ধ্যায় গিয়ে প্রেস ক্লাবের সভাপতি অর্থাৎ ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদীন বাবুল ভাইকে গিয়ে আমাকে মারধরের হুমকি দিয়েছিলেন। আজ সকালে তিনি অফিস কক্ষে এসে আমার গলা চেপে ধরে থাপ্পড় মারেন।’’
চায়ের দোকানদার তরিকুল ইসলাম বলেন, ‘‘পাইলট স্কুলের পাঁচ-ছয়জন শিক্ষক আমার দোকানে চা খেতে এসেছিলেন। চা বানানোর সময় হঠাৎ ১২-১৫ জন যুবক এসে সাজু স্যারকে মারধর শুরু করেন এবং লাথি মেরে বাইরে নেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তিতে আমার দোকানের প্রায় ১১টি গ্লাস ভেঙে গেছে।’’
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের স্ত্রী শিরিন বানু বলেন, ‘‘সাজু দায়িত্বে থাকাকালীন কিছু টাকা পাবেন বলে আমাকে জানিয়েছিলেন। আমি তাকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়ম অনুযায়ী তা বুঝে নিতে বলেছিলাম। কিন্তু আজ শুনলাম, তিনি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের গায়ে হাত তুলেছেন এবং পরে তাকেও মারধর করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি বর্তমানে চিকিৎসার জন্য ঢাকায় আছি। সুস্থ হয়ে ফিরে সবার সঙ্গে বসে বিষয়টি তদন্ত করে সমাধানের চেষ্টা করব।’’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ‘‘শিক্ষকদের মধ্যে হাতাহাতি ও পরে একজন শিক্ষককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








