কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রথম বৈঠক করবেন তিনি। পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সূত্রে জানা গেছে, সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে রাজনৈতিক সংলাপের প্রক্রিয়া শুরু হবে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে দলটি।’’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে প্রথমে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে সব দলকে নিয়ে সর্বদলীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হতে পারে।
এদিকে, বর্তমানে জামায়াতের আমির অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।
বিএনপির একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক এ বৈঠকের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








