সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন পত্রিকায় প্রচারিত বিভিন্ন তথ্যকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এই প্রতিবাদ জানান সংগঠনের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম শাহপরান।
লিখিত বক্তব্যে সমিতির আহ্বায়ক বলেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পত্রিকায় তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়ে বিভিন্ন ধরনের ভিত্তিহীন তথ্য ও গুজব প্রচার করা হচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে জানাচ্ছি যে, তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের কোনো নেতা বা সদস্য এ ধরনের কোনো অনৈতিক আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত নন।
প্রতিবাদলিপিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ উল্লেখ করেন, একটি স্বার্থান্বেষী মহল তামাবিল স্থলবন্দরের চলমান ব্যবসা-বাণিজ্য ও এর সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। তামাবিল স্থলবন্দরকে ঘিরে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানির সঙ্গে হাজার হাজার ব্যবসায়ী, সাধারণ শ্রমিক, স্টোন ক্রাশার মালিক, পরিবহন মালিক ও শ্রমিকের কর্মসংস্থান জড়িত।
একই সঙ্গে এই বন্দর দিয়ে পণ্য আমদানির মাধ্যমে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে।এমন একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বাণিজ্যিক স্থাপনাকে ঘিরে কোনো ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ বা অপপ্রচার না চালানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যবসায়ী সমাজকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে চালানো এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো অভিযোগের বিষয়ে দায়িত্বশীলভাবে সত্যতা ও তথ্য যাচাই করে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে।
লিখিত বক্তব্য পাঠকালে সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









