বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সরকারি শাহ সুলতান কলেজ ক্যাম্পাসে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে মাঠে নামেন সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। এ সময় নেতাকর্মীরা কোদাল, ঝাড়ু ও বেলচা হাতে নিয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও কোথাও পানি জমে থাকলে তা অপসারণে কার্যক্রম পরিচালনা করা হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; মশার বংশবিস্তার ঠেকাতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা একসঙ্গে বাড়াতে হবে।
তারা বলেন, একটি নির্দিষ্ট এলাকা পরিষ্কার রাখলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও আবাসিক এলাকার আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেন কিংবা অন্য কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ‘‘ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না। সবার আগে জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









