ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থ নিশ্চিত করতে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাজুরা বাজারে অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল।
অভিযান সূত্র জানায়, মিষ্টির দোকানে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টান্ন দ্রব্য সংরক্ষণ করার দায়ে দুটি মিষ্টির দোকানকে পৃথকভাবে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা জরিমানা করা হয়।
এক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় একটি ফার্মেসিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অপর একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং গ্রাম্য চিকিৎসক হওয়া সত্ত্বেও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সিল-প্যাড ব্যবহার করে চিকিৎসাসেবা প্রদানের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ও ৫১ ধারায় ১৮,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিতের পাশাপাশি ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









