নওগাঁর মহাদেবপুরে ভুল চিকিৎসায় নাসিমা বেগম নামের এক নারীর মৃত্যুর ঘটনায় আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম হাসপাতাল পরিদর্শন শেষে তাৎক্ষণিকভাবে এর ওটি ও ডায়াগনস্টিক অংশ বন্ধের নির্দেশ দেন।
একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি এবং যাবতীয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি আল-মদিনা হাসপাতালে পাইলসের অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন অবস্থায় নাসিমা বেগমের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, অস্ত্রোপচারের আগে রোগীর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ছিল মাত্র ৭ দশমিক ৪ গ্রাম/ডেসিলিটার, যা অস্ত্রোপচারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অথচ পরবর্তীতে ৯ দশমিক ৬ দেখিয়ে একটি নতুন ভুয়া রিপোর্ট তৈরি করা হয়—এমন তথ্য সামনে আসায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে, অস্ত্রোপচারের আগে রোগীর শারীরিক অবস্থা, চিকিৎসা নথিতে হিমোগ্লোবিনের দুই ধরনের ভিন্ন তথ্য এবং অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসায় অবহেলা ছিল কি না—তা তদন্ত করা প্রয়োজন।
বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন জানান, স্বাস্থ্য বিভাগের গঠিত তদন্তের মাধ্যমে চিকিৎসায় অবহেলা ও জাল রিপোর্টের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









