ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল শেষে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি হায়েস গাড়ি জব্দ করা হয়।
জানা গেছে, এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া ও সিরাজদিখান উপজেলার চালতিপাড়ার মধ্যবর্তী স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল বের করেন। ব্যানারসহ স্লোগান দিয়ে তারা গাড়ি নিয়ে এলাকা ছাড়েন।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, ‘‘মামলার তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। মুন্সিগঞ্জ সদর এলাকায় এরই মধ্যে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীনগর থেকে আটক ১০ জনকেও মুন্সিগঞ্জে পাঠানো হবে। সেখানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









