গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় শামীম আল রাফি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম আল রাফির বাড়ি টাঙ্গাইল সদর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম আল রাফি মোটরসাইকেলযোগে টাঙ্গাইল সদর থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। দুপুরে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









