মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগে মো. ফাতু মিয়া নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মসজিদের জায়গা নিয়ে বিরোধের জেরে সরকারি সড়কের জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ ওঠে ফাতু মিয়ার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সরকারি রাস্তার জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণের বিষয়টি শনাক্ত করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফাতু মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একইসঙ্গে সরকারি রাস্তার জায়গায় নির্মিত বাউন্ডারি দেয়ালটি সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









