বরিশালের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক বেশি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। একই সঙ্গে আগামী এপ্রিলের মধ্যে বরিশাল ক্যানসার হাসপাতাল এবং ডিসেম্বরের মধ্যে নভোথিয়েটার উদ্বোধনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ মতবিনিময় ও পর্যালোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। জেলার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গতি পর্যালোচনা করতে এ সভার আয়োজন করা হয়।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, বরিশালের সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি মূল্যায়নের উদ্দেশ্যেই আমাদের এ বৈঠক। পর্যালোচনায় উঠে এসেছে যে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও প্রশংসনীয়।
উন্নয়ন কাজের সার্বিক অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে তিনি রূপায়িত ও চলমান পাঁচটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি কথা বলেছেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যেকোনো ধরনের দীর্ঘসূত্রতা বা অবহেলা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ে মানসম্মত কাজ নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
উক্ত পর্যালোচনা সভায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে। সরকারি প্রতিটি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









