২০২৩ সালের পর আবারও গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বসছে দেশের শীর্ষ পর্যায়ের ফুটবল আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এবার ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে স্টেডিয়ামটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাবের ম্যাচ দিয়ে গোপালগঞ্জে শুরু হবে এবারের বিপিএলের ম্যাচ।
ম্যাচকে ঘিরে এরই মধ্যে স্টেডিয়ামজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাঠ ও গ্যালারি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি দর্শকদের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। খেলার উপযোগিতা নিশ্চিত করতে মাঠের প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
এবারের মৌসুমে বিপিএল ও ফেডারেশন কাপের সূচি অনুযায়ী গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিপিএলের পাশাপাশি ফেডারেশন কাপের ম্যাচও হবে এই মাঠে।
দীর্ঘ বিরতির পর দেশের শীর্ষ পর্যায়ের ফুটবল গোপালগঞ্জে ফেরায় স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। নিয়মিত ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ মাঠে বসে উপভোগের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত তারা।
স্থানীয় ফুটবলপ্রেমী সঞ্জয় বিশ্বাস বলেন, “অনেকদিন পর গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে দেশের শীর্ষ পর্যায়ের ফুটবল ফিরছে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। মাঠে বসে বড় দলের খেলা দেখার সুযোগ তৈরি হওয়ায় আমরা অনেক উচ্ছ্বসিত। আশা করি, দর্শকদের উপস্থিতিতে স্টেডিয়াম আবারও প্রাণ ফিরে পাবে।’’
আরেক ফুটবলপ্রেমী বাদল সাহা বলেন, ‘‘গোপালগঞ্জে এর আগেও চারবার বিপিএল খেলা হলেও মাঝে অনেক দিন বন্ধ ছিল। কিন্তু দীর্ঘ বিরতির পর আবারও বিপিএলের মতো বড় আসর হওয়ায় আমরা খুবই খুশি। শুধু ফুটবলপ্রেমীরাই নয়, পুরো জেলার ক্রীড়াঙ্গনে এর ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতেও যেন নিয়মিত বড় টুর্নামেন্ট আয়োজন করা হয়, সেটাই আমাদের প্রত্যাশা।’’
গোপালগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্যসচিব এস এম জাহিদুল হক কচি বলেন, ‘‘শুক্রবারের ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠ, গ্যালারি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছে, যাতে নির্ধারিত সময়ে নির্বিঘ্নে ম্যাচ আয়োজন করা যায়।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









