হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ একটি জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হয়েছেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামলার সময় জাহাজটিতে কয়েকজন মার্কিন নাগরিকও ছিলেন।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে জাহাজটির ওপর চারটি ইরানি ড্রোন ও অন্তত একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। বিষয়টি সম্পর্কে জানেন—এমন দুটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে আঘাত করে।
হামলায় জাহাজের কয়েকজন কর্মী সামান্য আহত হন। আহতদের মধ্যে কেউ ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে অসুস্থ হয়েছেন। বর্তমানে তাদের উপসাগরীয় অঞ্চলের একটি অজ্ঞাত দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার সময় জাহাজটিতে কয়েকজন মার্কিন কর্মী ছিলেন বলে সূত্রগুলো জানিয়েছে। তবে তাদের পরিচয় বা আহতদের মধ্যে মার্কিন নাগরিক রয়েছেন কি না, তা বিস্তারিতভাবে জানানো হয়নি।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা
ইরান-যুক্তরাষ্ট্রের ছয় মাস ধরে চলা যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি গুরুত্বপূর্ণ সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশের বেশি এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। যুদ্ধের মধ্যে বারবার মাইন পাতা এবং পাল্টা হামলার ঘটনায় প্রণালিটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে মন্তব্যের জন্য করা অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি। ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডও বিষয়টি সেন্টকমের কাছে জানতে বলেছে।
এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান—কোনো পক্ষই ওই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









