নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় ভ্যান চুরির চেষ্টার সময় শরিফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক শরিফুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। স্থানীয়দের দাবি, ভ্যান চুরির উদ্দেশ্যে তিনি লোকমানপুর বাজারসংলগ্ন মাঠের রাস্তার পাশে অবস্থান করছিলেন।
এদিকে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর দিয়াড়পাড়া গ্রামের কৃষক কাদের আলী ভ্যান নিয়ে ওই এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। তিনি ভ্যানটি রাস্তার পাশে রেখে ঘাস কাটতে গেলে শরিফুল ভ্যানটির তালা কাটার চেষ্টা করেন।
একপর্যায়ে তালা কেটে ভ্যানটি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা শরিফুলকে আটক করেন।
খবর পেয়ে বাগাতিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। ভ্যানের মালিক কাদের আলী এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









