বাংলাদেশের খাদ্য ও রন্ধন ঐতিহ্যে মাছের বিশেষ গুরুত্বকে তুলে ধরতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশি ফিশ রেসিপি সিজন ২ প্রতিযোগিতা’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হোটেল ওয়েলসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ ও ‘স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অব কালিনারি আর্টস’র যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘শেফস চয়েস’ নিউ জিল্যান্ড ডেইরি, বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন উইমেন’স কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাজমা হুদা, সাধারণ সম্পাদক কল্পনা তাহমান, ক্রিস্টাল গ্রেইনস লিমিটেডের বিজনেস হেড মাসুম খান।
আয়োজকরা জানান, দেশের আটটি বিভাগের গৃহ-রাঁধুনি, ভোজনরসিক ও পেশাদার রন্ধনশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। মাছকে মূল উপাদান রেখে ‘শেফস চয়েস’র ডেইরি পণ্য ব্যবহার করে সৃজনশীল ও বৈচিত্র্যময় রেসিপি তৈরির মাধ্যমে প্রতিযোগীরা এতে অংশ নেবেন।
প্রতিযোগিতার প্রথম ধাপে দেশের আটটি বিভাগে বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনজন করে মোট ২৪ জন প্রতিযোগী সেমিফাইনালে অংশ নেবেন। নির্বাচিত ১২ জন প্রতিযোগী ঢাকায় গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখান থেকে সেরা তিনজনকে জাতীয় চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









