পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে এ ঘটনা ঘটে।
নিহত রফিক মাঝি চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জয়নাল মাঝি।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে গরু চরাতে ও প্লাস্টিকজাত বোতল-পট সংগ্রহ করতে সোনারচরে যান রফিক মাঝি। গরুগুলো বনের মধ্যে ছেড়ে দিয়ে তিনি ছোট নৌকায় ফিরে আসেন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে নৌকায় বসে চা খাচ্ছিলেন তিনি। হঠাৎ বজ্রপাত হলে রফিক মাঝি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে সোনারচরে গরু চরাতেন রফিক মাঝি। পাশাপাশি সোনারচর ও আশপাশের এলাকা থেকে প্লাস্টিকজাত বোতল ও পট সংগ্রহ করে বিক্রি করতেন। ছোট নৌকাই ছিল তার চলাচলের অন্যতম মাধ্যম।
বিষয়টি নিশ্চিত করেছেন চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে যাচ্ছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









