দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হামে মারা গেছেন দুজন।
এ সময়ের মধ্যে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫২ জন। পাশাপাশি সন্দেহজনক হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৪৫ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় হাম-সংশ্লিষ্ট নতুন রোগী শনাক্ত হয়েছে মোট ১ হাজার ২৯৭ জন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৯৫ জনে।
বিভাগভিত্তিক হিসাবে নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৬৩ জন। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।
অন্যদিকে, সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে এ পর্যন্ত ৪২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









