ভোলার দৌলতখানে মমতাজ ওরফে রাসু বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. কাশেম ও তার স্ত্রী রাজিয়া বেগম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নিহত রাসু বেগমের মেয়ে রুবিনা বেগম বাদী হয়ে দৌলতখান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মো. কাশেম, তার স্ত্রী রাজিয়া বেগম, ছেলে ইকবাল হোসেন, মেয়ে আসছমা ও তার জামাই মাকসুদকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছেন।
এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে রাসু বেগমের মরদেহ উদ্ধার করে দৌলতখান থানা পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রাসু বেগম ওই বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে পাশের বাড়ির কাশেম, তার ছেলে ইকবাল, স্ত্রী রাজিয়া বেগম ও নিহতের দেবর বজলুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষ থামাতে রাসু বেগম এগিয়ে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিতভাবে জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









