নিউইয়র্কের ম্যানহাটন কমিউনিটি কলেজের (BMCC) চেম্বার্স স্ট্রিট ক্যাম্পাসে গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৫ম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস এক্সপো ২০২৬। মেলায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক এবং পেশাজীবীদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষ করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ (MD, FASN), গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফে এবং ইউএস স্মল বিজনেস প্রশাসনের (SBA) প্রশাসক কেলি লফলার। তাঁদের এই অংশগ্রহণ উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসার প্রসার এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রকে আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
উদ্বোধনী বক্তব্যে ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক কেলি লফলার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি ব্যবসায়ীদের নতুন সুযোগ সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির গৌরবোজ্জ্বল অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে সফল বিজ্ঞানী, প্রকৌশলী ও উদ্যোক্তাদের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি ফজলুর রহমান খান, সালমান খান, জাওয়েদ করিম, ড. আবুল হুসাম, আবদুস সাত্তার খান, ড. এম. জাহিদ হাসান এবং সৈয়দ জাকি হোসাইনের মতো প্রথিতযশা ব্যক্তিদের উদাহরণ দিয়ে বলেন, সংখ্যায় তুলনামূলক ছোট হলেও মার্কিন সমাজে বাংলাদেশি কমিউনিটির অবদান অত্যন্ত সুদূরপ্রসারী।
এছাড়া তিনি মার্ক জ্যাফে ও অ্যামিট শাহকে ধন্যবাদ জানিয়ে দুই চেম্বারের দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের ওপর জোর দিয়ে ড. জিয়াউদ্দিন আহমেদ জানান, মার্কিন বাজার বাংলাদেশের তৈরি পোশাকের একটি প্রধান গন্তব্য। একই সঙ্গে বাংলাদেশও মার্কিন বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করছে। এই এক্সপো দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









