সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশু সন্তানকে বিষ পান করিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সরফত আলী (৩৮)নামে এক পিতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই পিতা নিজেও বিষ পান করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
তবে কী কারণে ঘটনার সূত্রপাত ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে ঘটনা ঘটেছে।
এদিকে মুমূর্ষু অবস্থায় পিতাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো,মাওয়া আক্তার (১০),তামিম মিয়া (০৭),শামীম মিয়া (০২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে সরফত আলী তাঁর তিন সন্তানকে বিষ খাওয়ান এবং নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সহায়তায় তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। এদিকে পিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, খুব ভোরে খবর পেয়ে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পাই। গুরুতর আহত পিতাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান,বিষপানের সুনির্দিষ্ট কারণ জানা যায় নি তবে এই বিষয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









