সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী সৌখিন পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শ্রীখেল আসা যাওয়া রেস্টুরেন্টের সামনে।
নিহত কামরান আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার সুতারকান্দি গ্রামের তোতা মিয়ার ছেলে।
তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদ জানান, সিলেট শহর থেকে মোটরসাইকেলে (সিলেট- হ ১৪-৯০৬৮) যোগে বাড়ি যাচ্ছিলেন যুবক কামরান আহমদ। দরবস্ত শ্রীখেল এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা সৌখিন পরিবহনের বেপরোয়া গতির পর্যটকবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাইওয়ে পুলিশের এসআই মোঃ জাহিদ। তিনি আরও জানান, নিহত কামরান আহমদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে । সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা নথিভুক্ত করা হচ্ছ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









