ময়মনসিংহে ডিবি ও ডিজিএফআই পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নটরডেম কলেজের পেছনের জালালের মোড় এলাকা থেকে অপহৃত মোঃ আব্দুস সামাদকে (৩১) উদ্ধার করা হয়। এসময় আসামীদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের মোঃ শামীম ইসলাম সবুজ (৩৫), ময়মনসিংহের আল-আমীন (২০), পিয়াস মিয়া (২২) ও দিদারুল ইসলাম (৫৮) এবং শেরপুরের ফারুক আহম্মেদ (৩৫)।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো আব্দুল্লাহ আল মামুন জানায়, সকাল ১১টার দিকে ঢাকা হাইওয়ের চুরখাই এলাকা থেকে ভিকটিমকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। পরে মাদকের মিথ্যা মামলায় চালান দেওয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ দাবি করে আসামীরা। খবর পেয়ে টহল পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি ১টি মোটরসাইকেল, ৭টি মোবাইল ফোন ও ১টি ভুয়া পরিচয়পত্র জব্দ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









