গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ ফারুকী লিটন (৫৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ ফারুকী লিটন মুকসুদপুর উপজেলার সালিনা বক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, আশরাফ ফারুকী মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে পোনা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









