রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মতলব উত্তরে প্রথমবার স্ট্রবেরি চাষে সফল তরুণ উদ্যোক্তা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

মতলব উত্তরে প্রথমবার স্ট্রবেরি চাষে সফল তরুণ উদ্যোক্তা

সবুজ পাতার ফাঁকে ঝুলছে লাল টুকটুকে স্ট্রবেরি। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ করে সফলতার নজির গড়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা শাকিল প্রধান। তিনি উপজেলার ষাটনল ইউনিয়নের মধ্য কালিপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী।

শখ ও আগ্রহ থেকেই নিজ বাড়ির ছাদে বিদেশি ও দৃষ্টিনন্দন এই ফলের চাষ শুরু করেন শাকিল। বর্তমানে তার ছাদের টবজুড়ে শোভা পাচ্ছে পাঁচ জাতের স্ট্রবেরি-উইন্টার ডন, এফ-২৪, আমেরিকান ফেস্টিভ্যাল, রাবি থ্রি ও থাই। তিন শতাধিক টবে ফলছে সুগন্ধি ও আকর্ষণীয় লাল রঙের ফল। নতুন এই ফসল দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের উৎসুক মানুষজন। 

শাকিল জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব থেকে ধারণা নিয়ে ২০২৪ সালে প্রায় দেড় শতাধিক চারা দিয়ে পরীক্ষামূলক চাষ শুরু করেন। শুরুতে গাছে ফুল এলেও ফল পাননি তিনি। বাস্তব অভিজ্ঞতার ঘাটতি কাটিয়ে পরিচর্যার পদ্ধতিতে পরিবর্তন আনেন। উন্নত জাতের চারা, জৈব সার, পরিমিত ছত্রাকনাশক ও নিয়মিত যত্নের মাধ্যমে অবশেষে সফলতা আসে।

তার মতে, “স্ট্রবেরি চাষ অনেকটা ব্রয়লার মুরগি পালনের মতো, তাই নিয়মিত পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। তবে সঠিক ধারণা থাকলে বাড়ির ছাদ, উঠান কিংবা বারান্দায়ও সহজে চাষ করা সম্ভব।” 

গেলো বছরের সেপ্টেম্বরে রোপণ করা চারা থেকে সাড়ে তিন মাসের মধ্যেই আগাম জাত ‘উইন্টার ডন’-এ ফলন শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য জাতগুলোতেও ফুল ও ফল আসছে। এ বছর খরচের তিন থেকে চার গুণ লাভের আশা করছেন তিনি।

শাকিল জানায়, এক বিঘা জমিতে এক থেকে দেড় লাখ টাকা বিনিয়োগ করে প্রায় সাত থেকে আট লাখ টাকা আয় করা সম্ভব। প্রবাসে না গিয়ে দেশের তরুণরা আধুনিক কৃষিতে যুক্ত হলে স্বাবলম্বী হতে পারবেন বলে মনে করেন তিনি।

স্ট্রবেরি শুধু তাজা ফল হিসেবেই নয়, জুস, জ্যাম, আইসক্রিম, মিল্কশেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে ব্যবহৃত হয়। ফলে স্থানীয় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। এই চাহিদাকে সামনে রেখে ভবিষ্যতে জমিতে বাণিজ্যিকভাবে চাষ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তার।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী দৈনিক এদিনকে বলেন, “আমাদের রেকর্ড অনুযায়ী উপজেলায় এটিই প্রথম স্ট্রবেরি চাষ। আমরা তাকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে অপ্রচলিত ও উচ্চমূল্যের ফসল নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমে তাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।” 

তিনি আরও জানান, এ উদ্যোগকে মডেল হিসেবে ধরে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ কাজ করবে।

কৃষি সংশ্লিষ্টদের মতে, জলবায়ু ও বাজার চাহিদা বিবেচনায় স্ট্রবেরি ভবিষ্যতে মতলব উত্তরের সম্ভাবনাময় অর্থকরী ফসলে পরিণত হতে পারে।

 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.