সুনামগঞ্জের মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ মো. তারেক (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার চামরদানি ইউনিয়নের ফুলকান্দা বাজারসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। মো. তারেক চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামের মো. হেকিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীনের দিকনির্দেশনায় এসআই উৎপল কুমার সাহাসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ফুলকান্দা বাজারসংলগ্ন বেড়িবাঁধের কাঁচা রাস্তায় একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরি টেম্পু নৌকায় থাকা তারেককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নৌকাটিও জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় এসআই উৎপল কুমার সাহা বাদী হয়ে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই মো. আব্দুল লতিফকে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই যুবককে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যথাযথ পুলিশি নিরাপত্তায় শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









