প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর জন্মদিনে তাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী শাবনূর। নব্বইয়ের দশকের সেই সোনালী দিনের স্মৃতিচারণ করে তিনি সালমান শাহর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।
শাবনূর লেখেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ নব্বইয়ের দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে।’
শুটিং সেটের স্মৃতিচারণ করে তিনি বলেন, সালমান শাহ শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলেন না, ছিলেন অসাধারণ হৃদয়ের একজন মানুষ। আশপাশের প্রতিটি মানুষকে তিনি সম্মান করতেন। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই কখনো ছোট করে দেখতেন না। সবার খোঁজ নিতেন, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতেন এবং আপন করে যত্ন নিতেন।

সালমান শাহর সুন্দর মন ও মানবিকতাই তাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে বলেও উল্লেখ করেন শাবনূর।
তিনি আরও লেখেন, ‘পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে।’
প্রয়াত এই অভিনেতার জন্য দোয়া করে শাবনূর লেখেন, ‘মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।’
এ সময় সবাইকে সালমান শাহকে নিয়ে কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করার অনুরোধ জানান শাবনূর। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি শ্রদ্ধা ও সম্মান অটুট রাখার পাশাপাশি তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে হৃদয়ে ধরে রাখার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









