বরিশাল-বানারীপাড়া আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড় ৮টার দিকে বরিশাল নগরীর বিমানবন্দর থানাধীন গড়িয়ারপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক (৭০)। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের স্বরূপকাঠি থেকে যাত্রী নিয়ে বাসটি বরিশালের কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের গভীর পুকুরে উল্টে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা উদ্ধারে এগিয়ে আসেন এবং পুকুর থেকে যাত্রীদের বের করতে শুরু করেন। উদ্ধার তৎপরতার এক পর্যায়ে আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুকুর থেকে তুলতে কাজ চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









