সরকার জনগণের ন্যায্য দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, "সরকারকে আমরা বলে দিচ্ছি, আজকে ৮ দফা দাবিতে মাঠে নেমেছি। জনগণের জন্য ও জনগণের প্রয়োজনে এই ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।"
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস (টাঙ্গাইল রোড) এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুরের উদ্দেশ্যে আয়োজিত জামায়াতের লংমার্চের অংশ হিসেবে এ পথসভা অনুষ্ঠিত হয়।
দেশের সার্বিক সংকট তুলে ধরে জামায়াত আমীর বলেন, আজ দুর্নীতি, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছানো, শিল্পকারখানার চাকা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এবং সুপেয় পানির সংকট দূর করার লক্ষ্যেই এ লংমার্চ পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, এই আন্দোলন কোনো দলের একক স্বার্থে নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের মুক্তির জন্য। অতীতের গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণ স্পষ্ট রায় দিলেও সরকার তা উপেক্ষা করে জনগণকে অপমান করেছে। দেশের মানুষ আর এটি মেনে নেবে না এবং জনগণের রায়ের সঠিক বাস্তবায়ন এই বাংলার মাটিতেই হবে।
লংমার্চের সার্বিক পরিস্থিতি নিয়ে জানা যায়, সকাল থেকেই ভোগড়া বাইপাস এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জমায়েত হতে থাকেন। ডা. শফিকুর রহমানের বক্তব্যের সময় পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
এর আগে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরের উদ্দেশ্যে এই লংমার্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। ভোগড়া বাইপাসের পথসভা শেষে সকাল ১০টায় লংমার্চের বহর টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









