বিজ্ঞাপনের শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ঝাঁপ দিয়ে ক্যাচ ধরার সময় তার ডান কাঁধের হাড় সরে গেছে। ফলে ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বুধবার অকল্যান্ডে স্কাইয়ের একটি প্রচারণামূলক শুটিংয়ে ক্যাচ ধরার চেষ্টা করার সময় চোট পান রাচিন। শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা করে জানিয়েছেন, তার কাঁধে বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি।
আগামী ২২ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ভারত-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে রাচিন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
নিউজিল্যান্ডের পারফরম্যান্স ব্যবস্থাপক মাইক স্যান্ডেল জানান, শুটিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর পড়ে যান রাচিন। তিনি ঘটনাটিকে দুর্ভাগ্যজনক চোট হিসেবে উল্লেখ করে বলেন, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরাই এখন তাদের প্রধান লক্ষ্য।
প্রধান কোচ রব ওয়াল্টারও রাচিনকে নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন। আগামী ছয় মাসে ব্যস্ত টেস্ট সূচি থাকায় তাকে তাড়াহুড়ো করে মাঠে ফেরাতে চান না তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড দল আগামী সপ্তাহের শুরুতেই ঘোষণা করার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









