ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৩৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আয়োজনে কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি ছিলেন তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









