গাজীপুরের কড্ডা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় সৈকত হোসাইন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকের সহকারী আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৈকত হোসাইন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া মোল্লাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কড্ডা এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক সৈকত হোসাইন নিহত হন। এ সময় চালকের সহকারীও আহত হন।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
কোনাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









