ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে পাবনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় পাবনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুবাহী এডিস মশা নিধনে স্প্রে প্রয়োগ করা হয়। পাশাপাশি নালা-নর্দমা পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং জেলা পরিষদ পাবনার প্রশাসক জহুরুল ইসলাম বিশু।
অভিযান শেষে উপস্থিত অতিথিরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। প্রত্যেক পরিবারকে নিজ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জনসচেতনতা বৃদ্ধি পেলেই ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।”
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। জেলা প্রশাসন ও পৌরসভা সমন্বিতভাবে কাজ করছে। সবাই সচেতন হলে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
পাবনা জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু বলেন, “নিজ নিজ বাসাবাড়ি, অফিস ও প্রতিষ্ঠান পরিষ্কার রাখার বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণে সফলতা অর্জন করা যাবে।”
এ সময় জনসাধারণকে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও টায়ারে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
স্থানীয়রা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান এবং ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









