বিগত সরকারের সময়ে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “ওই সময়ে পরীক্ষার খাতায় প্রশ্নপত্র তুলে দিলেই শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হতো।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কেরাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও ঢাকা-৩ আসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিজভী বলেন, “বিগত সরকারের বিভিন্ন নির্দেশনা ও নীতির কারণে দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক অবক্ষয় তৈরি হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন বাধাগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এসব কর্মকাণ্ডের কারণে দেশে মেধাবী শিক্ষার্থীর সংকট তৈরি হয়েছে।”
তিনি বলেন, “একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি মানসম্মত শিক্ষা। তাই শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করা জরুরি।”
রুহুল কবির রিজভী আরো বলেন, “বিগত ১৭ বছরে শিক্ষার মানদণ্ডকে একেবারেই শেষ করে দেওয়া হয়েছে। পুরো শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলে খেলা করা হয়েছিল। তবে বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়েছে।”
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সরকার সব সময় নারীদের ক্ষমতায়নের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। নারীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এর আগে বিদ্যাপীঠ প্রাঙ্গণে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের, বিএনপি নেতা বদিউজ্জামান বাবুল, আহসান উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, জয়নাল আবেদীন বাবুল, ওমর শাহনেওয়াজ, ঈমান উল্লাহ মাস্তানসহ অন্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









