দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে সারা দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৫২ জনের।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। এর মধ্যে ২০ হাজার ৪৭৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া, একই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে দেশে হাম পরিস্থিতির সর্বশেষ এই চিত্র উঠে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









