দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর অকাল মৃত্যুর পেছনে মূল রহস্য উন্মোচনে শ্বেতপত্র প্রকাশের দাবি উঠেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বরিশাল প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এক শোক ও স্মরণসভায় বক্তারা এই দাবি জানান।
সভায় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও জ্যেষ্ঠ সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলক চ্যাটার্জীর এই প্রয়াণ নিছক আত্মহত্যা নয়, বরং এটি প্রাতিষ্ঠানিক অন্যায়ের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, একসময় আমাদের পেশাদার সাংবাদিকরা দেশ ও সমাজকে পথ দেখাতেন, রাজনীতিতেও দিকনির্দেশনা দিতেন। তবে আজ গণমাধ্যমের অভ্যন্তরীণ কাঠামোতেই নানা গলদ দেখা যাচ্ছে, যা দূর করা জরুরি।
সাংবাদিক পুলকের মৃত্যুর পেছনের কারণ অনুসন্ধানের জোর দাবি জানিয়ে তিনি বলেন, পুলক চ্যাটার্জীর মৃত্যুর আসল সত্য জানতে আমরা একটি স্পষ্ট শ্বেতপত্র চাই। সমকাল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া উচিত, কোন পরিস্থিতির শিকার হয়ে তাকে এই নির্মম পথ বেছে নিতে হলো। আপনারা ঢাকায় বা স্থানীয়ভাবে প্রতিবাদ কর্মসূচি ডাকলে আমরাও পাশে থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, আত্মহত্যার পূর্বে পুলক পাঁচটি চিঠি রেখে গেছেন, যা স্পষ্ট করে দেয় এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এক চরম প্রতিবাদ। সমকাল থেকে তাকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়ার পরই তিনি নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেন।
তিনি আরও যোগ করেন, ঢাকার সংবাদপত্রগুলোর এমন একতরফা ও অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে মফস্বল সাংবাদিকদের একাট্টা হয়ে রুখে দাঁড়ানো উচিত। বরিশাল থেকে যদি শক্তিশালী প্রতিবাদ গড়ে তোলা যেত, তবে ভবিষ্যতে ঢাকার কোনো মিডিয়া হাউজ আমাদের সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করার সাহস পেত না।
বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় স্মারক অনুষ্ঠানে বরিশালের গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, নুরুল আলম ফরিদ, নাসিমুল আলম, আক্তার ফারুক শাহীন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
স্মরণসভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয় এবং পেশাগত ক্ষেত্রে সাংবাদিকদের কাজের উপযুক্ত পরিবেশ ও ন্যায়বিচার নিশ্চিতের জোর দাবি জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









