চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট গ্রামের মধ্যবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর সোনামসজিদ বিওপি থেকে ডগ স্কোয়াডসহ একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ১৮৪ থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মধ্যবাজারের পাকা সড়কে অভিযান চালিয়ে মো. আতাউর রহমান (৫০) ও মো. নুরুল ইসলাম বাবু (৪২)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আটক আতাউর রহমান শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত সমশের আলীর ছেলে এবং নুরুল ইসলাম বাবু একই গ্রামের মৃত তোফাজ্জল হকের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। জব্দ করা হেরোইন পরে ধ্বংস করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সব ধরনের চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









