বরিশালের গৌরনদী থেকে চার হাজার পিস ইয়াবাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন বন্দর সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের দুই ছেলে মো.পারভেজ হোসেন তুহিন (৩১) ও তার ছোট ভাই তামিম হোসেন (২৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ শামসুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। দলে ছিলেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই হানিফ মোল্লা ও এএসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে দুই ভাইয়ের হেফাজত থেকে মোট ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তারিক হাসান রাসেল জানান, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) আসামিদের আদালতে সোপর্দ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত অন্যান্য ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









