যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর জখম করার মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মিলন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮) বরিশাল।
বরিশাল মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন রূপাতলী এলাকা থেকে এসআরবি-৮ এর সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মিলন খান বরিশাল জেলার উজিরপুর থানার বৈরকাঠি গ্রামের আলী আহম্মেদ খানের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) ধারায় বানারীপাড়া থানায় একটি মামলা (জিআর নং-১৫/১৭) দায়ের করা হয়েছিল। আদালতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামি মিলন খানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায় ঘোষণার পর থেকে চতুর আসামি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বরিশালের উজিরপুর থানায় একটি সাজা পরোয়ানা মুলতবি ছিল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মিলন খানকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









