ঢাকার ধামরাইয়ে চীনা মালিকানাধীন একটি ব্যাটারি কারখানায় এক চীনা কর্মকর্তার হাত-পা বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টার মধ্যে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অবস্থিত ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার চীনা নাগরিক লি পেংগুই নিজের কক্ষে ঘুমাতে যান। রাত ১২টার দিকে অন্তত তিনজনের একটি দল কারখানার পেছনের বাথরুমের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাদের সবার মুখে মাস্ক ছিল বলে দাবি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, কারখানায় প্রবেশের পর দুর্বৃত্তরা লি পেংগুইয়ের গলায় ছুরি ধরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন। পরে তার কাছ থেকে লকারের চাবি নিয়ে লকারে রাখা ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
লি পেংগুই বলেন, আনুমানিক সাড়ে ১১টার দিকে বাথরুমের জানালা দিয়ে তারা ঢুকে প্রথমে আমার গলায় ছুরি ধরে। এরপর চাবি চায়। চাবি নিয়ে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে যায়। তাদের মুখে মাস্ক ছিল এবং আমার হাত-পা বাঁধা ছিল।
কারখানার ম্যানেজার বলেন, রাত ১২টার দিকে বাথরুমের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে চীনা কর্মকর্তার হাত-পা বেঁধে এবং গলায় চাকু ধরে লকার খুলে ৭০ লাখ টাকা নিয়ে যায়। ওই পাশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, রাত ১২টার পর সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় একটি ব্যাটারি কারখানার দোতলায় তিনজন দুর্বৃত্ত ঢুকে এক চীনা নাগরিককে বেঁধে লকার থেকে ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী ৭০ লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









