চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এরপর সকাল ৮টা ৫০ মিনিটে আজমতপুর বিওপির আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে জব্দ করা ফেন্সিডিল ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৪০ হাজার টাকা। জব্দ করা মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









