কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শরীফা নামের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মোহাম্মদ আলী।
পুলিশ জানায়, কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের নারী সদস্যরাও অংশ নেন। এ সময় শরীফাকে আটক করার পাশাপাশি তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শরীফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার শরীফার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









