শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের পরদিন মাছের খামার থেকে কালু মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া এলাকার আবুল কাশেমের মাছের খামার থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কালু মিয়ার বন্ধু একই গ্রামের কমল মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (২০) কে আটক করেছে পুলিশ।
নিহত কালু মিয়া কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম।
জানা গেছে, রবিবার দুপুরে কালু মিয়া ও তার বন্ধু বাদশা মিয়া তাদের বাড়ি থেকে বের হয়। পরে বাদশা মিয়া বাড়িতে ফিরলেও কালু মিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার সকালে স্থানীয় লোকজন আবুল কাশেমের মাছের খামারের পুকুরে কালু মিয়ার লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িয়ে থাকা সন্দেহে কালু মিয়ার বন্ধু বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









