সরকারি এক ইঞ্চি জমিও দখলদারদের হাতে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, দখলে থাকা সরকারি জমি উদ্ধার করে জনগণের প্রয়োজন ও সরকারি কাজে ব্যবহার করা হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, সরকারি জমি উদ্ধারে কোনো ছাড় দেওয়া হবে না। তবে ভূমি মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অনিয়ম ও কাজের অনীহা একদিনে দূর করা সম্ভব নয়।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ স্থিতিশীলতার দিকে এগিয়ে গেলে বিভিন্ন পক্ষ নানা বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানাগার উপকরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহে সাবমারসিবল পাম্প বিতরণ করা হয়। পাশাপাশি তারাবো পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের অনেক মানুষ ভূমিহীন হয়ে পড়ছেন এবং নানা উপায়ে প্রতারিত হচ্ছেন। তাদের নিরাপদ বসবাস নিশ্চিত করতে হবে। সরকারি জমি উদ্ধার করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য মাঠ তৈরির উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









