মাদকদ্রব্য পরিহার ও কিশোর গ্যাং নির্মূলের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে ভোলায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত '১ম কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ' এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় নারী ও পুরুষ—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভোলা সদর মডেল থানা দল।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভোলা পুলিশ লাইন্স মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর ও টানটান উত্তেজনাকর ফাইনালে নারী বিভাগে ভোলা সদর মডেল থানা দল ৪৩ পয়েন্ট অর্জন করে। তাদের প্রতিপক্ষ বোরহানউদ্দিন থানা দল ১৭ পয়েন্ট পেলে ভোলা সদর দল ২৬ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়। অন্যদিকে, পুরুষ বিভাগের ফাইনালে ভোলা সদর মডেল থানা ৪১ পয়েন্ট এবং বোরহানউদ্দিন থানা ৩৫ পয়েন্ট অর্জন করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৬ পয়েন্টের ব্যবধানে বোরহানউদ্দিন থানাকে পরাজিত করে পুরুষ দলেও চ্যাম্পিয়ন হয় ভোলা সদর মডেল থানা।
ভোলা জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলার ৭টি উপজেলার অনূর্ধ্ব-২০ বয়সভিত্তিক নারী ও পুরুষ কাবাডি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধি করতেই বাংলাদেশ পুলিশের এই উদ্যোগ। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়েছে, যারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়েও অংশ নেবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, ভোলা জেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সোপান, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, অমৃতালোকের সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন ও অধ্যক্ষ খালেদা খানম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









