পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা' পেয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এই রাষ্ট্রীয় অর্জনে গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কাজের মূল্যায়নের ভিত্তিতে সারা দেশের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে এই পদকের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে বিপিএম-সেবা পদক পেয়েছেন ১৮ জন।
পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, "এই অর্জন আমার একার নয়; এটি গোপালগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় আন্তরিক। এই রাষ্ট্রীয় সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।"
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কাজী হুমায়ুন রশীদ বলেন, পুলিশ সুপারের দক্ষ নেতৃত্ব ও দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠার এই স্বীকৃতি পুরো জেলা পুলিশের জন্য অত্যন্ত গৌরবের।
এদিকে এসপির এই অর্জনে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সম্মাননা জেলা পুলিশের অন্যান্য সদস্যদেরও পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









